যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি স্কুলের বাইরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেইর আল-বালাহর একটি স্কুলের সামনে অবস্থানরত সাধারণ মানুষের একটি দলের ওপর হঠাৎ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ঘটনার সময় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
এর মধ্যেই হামলার ঘটনা ঘটায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আল জাজিরার তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান সহিংসতা শান্তি আলোচনাকে আরও অনিশ্চিত করে তুলছে।





