গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোর রাজধানী রাবাতে গতকাল রোববার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
\r\nবিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এ দিনটি ছিল মরক্কোয় বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদী সমাবেশগুলোর একটি। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন।
\r\nএছাড়াও বিক্ষোভকারীরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার বহন করে ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠন ও স্থানান্তর পরিকল্পনা’র বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানবাধিকার সংগঠনগুলো এই পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূলের’ প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
\r\n২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজারের বেশি। শুধু গত মাসেই ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি।
\r\nমধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে এ রকম আরও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব আন্দোলন থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে।
\r\nবিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমন–পীড়নেরও নিন্দা জানিয়েছেন।





