গাজার দক্ষিণাঞ্চল খানের ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ পাঁচ মাস ধরে যুদ্ধবিরতি চললেও সহিংসতার এই ঘটনায় হামাস নিয়ন্ত্রিত দুইটি পুলিশ চেকপয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় চিকিৎসকদের বরাতে জানা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান দুইটি পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য ও একটি মেয়ে শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
এর আগে শনিবার (২৮ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুই ভাইসহ তিন ফিলিস্তিনি নিহত হন এবং চারজন আহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নিয়মিত তা লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চ পর্যন্ত এই হামলায় মোট ৬৯১ জন নিহত এবং ১ হাজার ৮৭৬ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।





