ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের আশায় ভিড় জমানো ক্ষুধার্ত মানুষের ওপর উল্টে পড়ে একটি ত্রাণবাহী ট্রাক। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাটি ঘটেছে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন,

“গত রাতে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত হন, আহত হন আরও অনেকে। শত শত মানুষ খাদ্যের আশায় সেখানে জড়ো হয়েছিলেন।”

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলি বাহিনী ত্রাণ পরিবহনকারী চালকদের এমনসব অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করছে, যেখানে সাধারণ মানুষের ভিড় বেশি থাকে। ফলে ট্রাকের আশপাশে অসংখ্য মানুষ জমায়েত হওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

এদিকে, জর্ডান জানিয়েছে—ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজামুখী ত্রাণবাহী বহরের ওপর আবারও হামলা চালিয়েছে। কয়েক দিনের ব্যবধানে এটাই দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেন,

“৩০টি ত্রাণবাহী ট্রাকের বহরকে বাধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ত্রাণ পরিবহনের চুক্তি লঙ্ঘন করা হয়েছে। ইসরায়েল এসব হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে।”

অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানো এখন আরও কঠিন হয়ে পড়ছে। একদিকে মরিয়া ক্ষুধার্ত জনতা, অন্যদিকে পথঘাটের অনিরাপদ অবস্থা এবং পরিকল্পিত হামলা—সবমিলে ভয়াবহ মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।