ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জাতীয় পার্টি (জাপা) ছেড়ে গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের দলে স্বাগত জানানো হয়।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান। তিনি বলেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি দলের সঙ্গে কাজ করবেন। তার সঙ্গে কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দাবি করেন, এই যোগদান তৃণমূলে বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
নবাগত নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া এবং দলের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার অঙ্গীকারও করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে জাতীয় পার্টির নেতাকর্মীদের এই গণযোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনীতির সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজীপুর-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও জোরালো হলো বলে মনে করছেন তারা।





