গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন ফাতেমা হোটেল এলাকায় শনিবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ১৮টি ড্রামে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদদার আবুল হোসেনকে আটক ও জরিমানা করেন।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।