বিতর্ক যেন পিছু ছাড়ছে না কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের। কিছুদিন আগেই ইডেন কলেজের এক ছাত্রীর করা নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছিলেন তিনি। এবার মদ্যপ অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারির অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

তিনি জানান, \"নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া হচ্ছে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।\"

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার অ্যাপের মাধ্যমে একটি গাড়ি ভাড়া করে স্ত্রী সালসাবিল মাহমুদকে সঙ্গে নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল। গন্তব্যে পৌঁছানোর পরও তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং চালকের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে গাড়ির চালককে মারধর করেন।

ভুক্তভোগী উবারচালক গণমাধ্যমকে জানান, “নোবেল উদ্ভট আচরণ ও গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে তিনি আমার ওপর চড়াও হন। মারধরের সময় আশপাশের মানুষ জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।”

জনতার তোপের মুখে পড়লে পুলিশ এসে নোবেল ও চালক—দুজনকেই থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে ডেমরা থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে সেই মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে নোবেলের বিয়ের মাধ্যমে।

নতুন এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।