গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শহরের মান্দারতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ভাই এবং মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৮ জুলাই গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি) পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরও জানান, বুধবার (১৩ আগস্ট) দুপুরে সুজন সিকদারকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।