গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভা ও সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশস্থলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে দলটি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
এ কর্মসূচিকে ঘিরে সহিংসতা সকাল থেকেই শুরু হয়। সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, “পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করে।”
এছাড়া সকালেই সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে পৌঁছানো গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরেও হামলা চালানো হয়।
ইউএনও বলেন, “এনসিপির কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পুলিশ তাদের বাধা দিলে হামলার ঘটনা ঘটে। এরপর আমার গাড়িবহরেও হামলা চালানো হয়।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।








