জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া দফায় দফায় সহিংসতার পর জেলাজুড়ে জারি করা কারফিউর মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান শনিবার বিকেল ৫টায় এক ঘোষণায় এ তথ্য জানান।

এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হয়, তবে সীমিত সংখ্যক মানুষ রাস্তায় বের হন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জ শহরে এনসিপির ডাকা সমাবেশকে ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নানা সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে, পরে সন্ধ্যা ৬টা থেকে পুরো জেলায় কারফিউ জারি করা হয়।

পরদিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করার ঘোষণা দেন। ওইদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় আবারও কারফিউর সময় বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এর পর শনিবার দুপুরে জেলা প্রশাসক নতুন করে কারফিউর সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।

প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পরিস্থিতির পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।