গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় দলটির নেতা-কর্মীদের গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ব্যাপক সংঘর্ষ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষে আহত আরও অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে, তবে তাদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।
এর আগে, সমাবেশস্থলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একাধিক দফা হামলার অভিযোগ এনেছিল এনসিপি। দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।








