কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “যত বেলা গড়াবে, তত আমরা বিজয়ের দিকে এগিয়ে যাবো। ভোট উৎসবের মতো হবে, কোনো ভয়ের কিছু নেই। মানুষ তার ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে।”


তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে প্রক্রিয়াগত বা টেকনিক্যাল সমস্যার খবর তার কাছে আসেনি। এছাড়া দেবিদ্বারের মানুষকে আহবান জানিয়ে তিনি বলেন, “ভোট দেওয়ার জন্য ব্যক্তিগত সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিন।”

ভোটকেন্দ্রে প্রবেশের আগে হাসনাত আবদুল্লাহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এরপর নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন।