মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জিতেছেন লিওনেল মেসি। শনিবার ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয় আর্জেন্টাইন তারকার হাতে।

পুরস্কার হাতে পেয়েই যেন আরও প্রাণ ফিরে পান মেসি। এমএলএস কাপের প্লে-অফের প্রথম পর্বে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। এর মধ্যে প্রথম গোলটি আসে তাঁর হেড থেকে—ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেসের ক্রসে উড়ন্ত হেডে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন মেসি। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ২৯তম হেড গোল। যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যক্তিগত গোলসংখ্যা ৮৯১-এ উন্নীত করেন এই মহাতারকা।

মেসির দুই গোলের মাঝেই মায়ামির দ্বিতীয় গোলটি করেন তাদেও আলেনদে। মেসির পাস থেকে ইয়ান ফ্রের ক্রসে হেডে গোল করেন তিনি। পুরো ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে মায়ামি। দলটি নিয়েছে ১২টি শট, যার ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে ন্যাশভিলের ৬ শটের মধ্যে মাত্র ২টি ছিল টার্গেটে।

শেষ পর্যন্ত মেসির জোড়া গোল ও আলেনদের নৈপুণ্যে ন্যাশভিলকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্লে-অফে দারুণ সূচনা করে হাভিয়ের মাচেরানোর দল। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হানি মুক্তারের গোলে সান্ত্বনার গোল পায় ন্যাশভিল। আগামী ২ নভেম্বর নিজেদের মাঠ জিওডিস পার্কে ফিরতি লেগে মায়ামির মুখোমুখি হবে তারা।