পথের ধুলোবালি যাদের নিত্যসঙ্গী, সেই অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কানেকশন এইড ফাউন্ডেশন। “ঘাসফুলদের ইচ্ছে পূরণ” শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোশাক উপহার দেওয়া হয়।

সাধারণত অনুদানের পোশাকেই সীমাবদ্ধ থাকে এসব শিশুর প্রাপ্তি। তবে এই আয়োজন ছিল ভিন্নধর্মী। শিশুদের হাতে নির্দিষ্ট পোশাক তুলে না দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় একটি শপিং মলে, যেখানে তারা নিজের পছন্দ অনুযায়ী জামা-কাপড় বেছে নেওয়ার সুযোগ পায়।

নিজেদের পছন্দের পোশাক হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দ। পুরো আয়োজন জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

কানেকশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “আমরা চেয়েছি এই শিশুরাও যেন অন্যদের মতো নিজের পছন্দের স্বাধীনতা পায়। তাদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারাটাই আমাদের সার্থকতা। এই পোশাক শুধু একটি উপহার নয়, এটি তাদের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পথশিশুদের ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।