চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় কারখানার অন্তত ১১ জন শ্রমিক ও কর্মচারী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

\r\n

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কারখানার ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

\r\n

খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

\r\n

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহেল মিয়া জানান, প্রাথমিক হিসাবে বিস্ফোরণে কারখানাটির প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

\r\n

তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।