চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপি হওয়ার অভিযোগে রোববার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শেষ দিনের শুনানিতে এ সিদ্ধান্ত আসে।
ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে ঋণখেলাপির বিষয়টি প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর আপিল মঞ্জুর করে কমিশন।
এর ফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হলো। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ আপিল শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত দেন।





