চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের উদ্যোগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন করা হচ্ছে। প্রথমদিন আন্তর্জাতিক আরবি ভাষা দিবস ২০২৫ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। 


সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিভাগের সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। 


লিখিত বক্তব্যে বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন বলেন, আগামী ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। এই দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এই আয়োজনের অংশ হিসেবে, আগামী ১৭ ডিসেম্বর, রোজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে (লেকচার গ্যালারি) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।


উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এমন কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হবে, যাঁরা দেশের শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি শক্ত ভিত্তি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও পরদিন ১৮ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা। বিশ্বে এ ভাষার গুরুত্ব ব্যাপক। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা শ্রমবাজার সকল ক্ষেত্রেই এই ভাষা পুরো পৃথিবীতে বিশেষ জায়গা দখল করে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়েও আরবি ভাষা শিখানো হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, ড. হুমায়ুন কবির, সিনিয়র ইন্সট্রাক্টর (ডেপুটি রেজিস্ট্রার)  মোর্শেদুল আলম ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদুল হক।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে ২০১২ সালের অক্টোবরে, ইউনেসকোর নির্বাহী পরিষদের ১৯০তম অধিবেশনে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

২০১২ সাল থেকে ইউনেসকোসহ আরব বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানা আনুষ্ঠানিকতা, সভা-সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে। আরবি ভাষার ঐতিহাসিক গুরুত্ব, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সভ্যতায় এর অবদান এবং বিশ্বব্যাপী এ ভাষার প্রসার ও মর্যাদা বৃদ্ধিতে দিবসটি এক অনন্য ভূমিকা পালন করে চলেছে।