গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
এর আগে, গত রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আরেকটি দেশের করতরাজ্যে পরিণত করার উদ্দেশ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তার মতে, পাকিস্তানি বাহিনী দেশ ছাড়ার সময় বুদ্ধিজীবীদের হত্যা করেছে—এমন ব্যাখ্যা অবান্তর; বরং এই হত্যাকাণ্ড ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। পরদিন উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা প্রশাসনিক ভবনে তালা দেয়। প্রায় আট ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন নিজ নিজ উদ্যোগে বিজয় দিবস পালন করে। পরে প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ড. শামীম উদ্দিন খান উপস্থিত হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “চবির বিজয় দিবসের প্রোগ্রামে ছাত্রদলের উস্কানি ও হামলার চেষ্টা।”
এ বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।





