চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন 'আওয়ার গ্রীন ক্যাম্পাস' এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন মোজাহিদুল ইসলাম আর সাধারণ সম্পাদক তাসফিয়া।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অডিটোরিয়ামে এ বার্ষিক সভা অনুষ্ঠান শুরু হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিশেষ অতিথি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের প্রতিনিধিসহ আওয়ার গ্রীন ক্যাম্পাসের সদ্য সাবেক সভাপতি জানে আলম, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকা কলিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনটির ৬টি দলের নতুন দলনেতাসহ নতুন গভর্নিং বডির নামও ঘোষণা করা হয়। এতে নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হন মো: মোজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাসফিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'গ্রীন ক্যাম্পাস প্রত্যাশার চেয়ে অনেক ভালো কাজ করেছে। যেভাবে জানে আলমের (সাবেক সভাপতি) নেতৃত্ব সংগঠনটি এগিয়ে গেছে, আশাকরি নতুন নেতৃত্বে আরও ভালো করবে।'

সংগঠনটির সাবেক সভাপতি জানে আলম বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করেছি, সংগঠনের মোটো গ্রীন ফিলোসোফি নিয়ে কাজ করার। ফলে আমরা 'নো হর্ন জোন', পরীক্ষা চলাকালীন ট্রাফিকের দায়িত্ব পালন, ক্যাম্পাস পরিষ্কার করা, রিসাইকেলিং ডাস্টবিন স্থাপনের মতো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল মানুষকে সচেতন করা, যাতে তারা অন্যদেরকে সচেতন করতে পারে।'

সংগঠনটির নব্য সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, 'দীর্ঘদিন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। এখন সভাপতির মতো গুরু দায়িত্ব পেয়েছি। আমি আমাদের টীম নিয়ে সবুজ ক্যাম্পাস গঠনে কাজ করব। আমরা প্রতি মাসে কাজের চার্ট তৈরি করব। সেখানে প্রশ্ন করবো–কি পারছি, আর কোনটা না পারলে কেন সেটা পারছি না তা খুঁজে বের করবো।'

বক্তব্যের পর সাবেক ও বর্তমান দলনেতার সার্টিফিকেট দেওয়া হয়। যা তুলে দেন সংগঠনটির উপদেষ্টা ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।