চবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর এক বক্তব্যকে \"মিথ্যা, উস্কানিমূলক ও বিভ্রান্তিক\" আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  (চবি) শাখা। 

গতকাল (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নাছির উদ্দিন বলেন, \"যদি শিবির দেখতে চান, শিবিরে আচরণ ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম  দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে যান। 

তার এই বক্তব্যের বিরুদ্ধে আজ (২৪ শে জুলাই)  এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোঃ পারভেজ। বিবৃতিতে বলেন, \"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীদের নৈতিকতা,দক্ষতা ও অধিকার সচেতনতা তৈরীর জন্য নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠানলগ্ন থেকেই শিবির শিক্ষার্থীবান্ধব ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে আসছে।

তারা আরো জানান, ৫ই আগস্ট ক্যাম্পাস সচল হওয়ার পর গত বছরের ২৪ সেপ্টেম্বর 'চবি সংস্কারের ৭ দফা' দাবি সহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশাসনের কাছে দাবি পেশ করা হয়। এরপর থেকে ছাত্রশিবির শান্তিপূর্ণ সংস্কার কর্মসূচি এবং নানা শিক্ষাবান্ধব আয়োজনে মাধ্যমে শিক্ষার্থীদের পাশে আছে। 

চবি শিবির জানায়, তারা ক্যাম্পাসে নবীনবরণ, সিরাত মাহফিল, কোরআন বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, রমজানে গণইফতার ও দারসুল কুরআন, কোরআন অলিম্পিয়াড বই পাঠ প্রতিযোগিতা, নিয়মিত শিক্ষা কোর্স, ফলচক্রসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

ছাত্রদল নেতার বক্তব্য বিষয়ে নেতৃত্ব বলেন, \"এই বক্তব্য কেবল ছাত্রশিবির নয়, বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অপমানিত করেছে। এটি এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন করার শামিল।’’

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একজন জাতীয় নেতার কাছ থেকে আশা অত্যন্ত হতাশাজনক। আমরা তার বক্তব্য  প্রত্যাহার করে দুঃখপ্রকাশের দাবি জানাচ্ছি।