চাঁদাবাজি, দখলদারী ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মতলব দক্ষিণ, মতলব উত্তর এবং হাজীগঞ্জ উপজেলার ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী।
গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দলের বৃহত্তর স্বার্থ এবং শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলের ভেতরে বিশৃঙ্খলা ঠেকাতে এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।






