চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের বার্তা দেন।
সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইনে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ প্রধান। যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনি।
থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে হবে।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





