চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল ও মো. ফারুক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে উভয় পক্ষকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
জানা গেছে, ওই সড়ক দিয়ে চলাচলকারী কাঠবোঝাই ট্রাক থেকে এক হাজার টাকা এবং বালুবোঝাই ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে এই টাকা তোলা চলছিল। পরে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব পরিবর্তন করে নুর উদ্দিনসহ নতুন একটি গ্রুপকে দায়িত্ব দেওয়া হলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
মঙ্গলবার চাঁদা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়কে ঘিরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





