সাভারের রেডিও কলোনি এলাকায় চাঁদা না পেয়ে দুই ডাব বিক্রেতার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরমান হোসেন বাবু, যিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, রেডিও কলোনির ফুটপাতের চা, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ ছোট ব্যবসায়ীদের প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর ওই চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিতে আরমান হোসেন বাবু সক্রিয় হন বলে অভিযোগ। ডাব বিক্রেতা নুর আলম জানান, ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলেন। সকাল ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল এসে চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয় এবং প্রায় ২০০ পিস ডাবসহ তার ভ্যান নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আরেক বিক্রেতা সাজিবুল ইসলাম রনিও একই ধরনের অভিযোগ করেছেন। তার দাবি, চাঁদা না দেওয়ায় তাকেও হুমকি দেওয়া হয় এবং তার মালামাল নিয়ে যাওয়া হয়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা এবং সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু-এর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আরমান হোসেন বাবু কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে সাভার মডেল থানা-র ওসি আরমান আলী বলেন, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ লোড হচ্ছে...





