চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে চাকসু ভবনে স্থাপিত বুথ থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র দেওয়া শুরু করে নির্বাচন কমিশন।
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা।
এদিকে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে ১ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী যুক্ত হওয়ায় মোট ভোটার দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে কতজন ছাত্র আর কতজন ছাত্রী, তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন কমিশনের সদস্যসচিব এ কে এম আশরাফুল হক সিদ্দিকী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল জমা দিতে হবে। এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নির্দিষ্ট ফি দিয়ে করতে হবে। এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বা সংগ্রহ করতে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে রাখতে পারবেন।
মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা। মনোনয়ন নেওয়ার সময় শিক্ষার্থীর ভোটার আইডি নম্বর, চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণপত্র ও পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। আর জমা দেওয়ার সময় প্রার্থীর পরিচয়পত্র, ছবি ও ডোপ টেস্টের ফলাফল জমা দিতে হবে।
এর আগে ২৮ আগস্ট প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে এর দুই দিন পর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নির্বাচনী আমেজ কিছুটা থমকে যায়। মনোনয়নপত্র বিতরণ শুরুর পর আবার ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ ফিরতে শুরু করেছে।
তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ডাকসুর মতোই ওএমআর পদ্ধতিতে ভোট হবে।





