জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মাইজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম সুমাইয়া খাতুন। সে কোনাবাড়ি এলাকার সাইদুল রহমানের মেয়ে।


পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিশুটি তার মা ছানোয়ারা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী মাইজবাড়ি গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। রাতে ছানোয়ারা ঘরের কাজ করছিলেন, আর শিশুটিকে বিছানায় বসিয়ে রেখেছিলেন। এর আগে কেউ বিছানার ওপর কিছু চানাচুর ফেলে রেখেছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে সুমাইয়া বিছানায় পড়ে থাকা ওই চানাচুরের টুকরো মুখে দিয়ে দেয়। একপর্যায়ে তা তার গলায় আটকে যায়। বাড়ির লোকজন সেটি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার শ্বাসনালিতে খাবার আটকে গিয়েছিল।