জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কোনো আইনি কারণ ছাড়াই নির্বাচন কমিশন (ইসি) তাদের দলের জন্য ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাঁর দাবি, একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ইসির এ সিদ্ধান্ত আগামী নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, “আমরা সব নিয়ম মেনেই নিবন্ধনের আবেদন করেছিলাম। প্রথমে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু এটি পুরোপুরি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এককভাবে জাতীয় প্রতীক নয়। ইতিমধ্যে জাতীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রতীক রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রে বাধা কোথায়?”
তিনি অভিযোগ করে বলেন, ইসির তালিকায় শাপলা প্রতীক নেই বললেও তালিকা হালনাগাদ করার দায়িত্ব তাদেরই। কয়েক মাস আগেই আবেদন করা হয়েছিল। নতুন করে আবেদন করার পরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। এর পেছনে চাপ রয়েছে বলেই মনে করেন তিনি।
তরুণ প্রজন্মের রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে সারজিস আলম জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে তাদের একীভূত হওয়ার আলোচনা চলছে। পাশাপাশি এবি পার্টির সঙ্গে জোট গঠনের বিষয়েও অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন নিয়েই তাঁরা সংসদে প্রতিনিধিত্ব করবেন।
এ সময় আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে পাচার করা টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মিছিল-মিটিং করছে আওয়ামী লীগ। “ভোরে টাকা দিয়ে ভাড়াটে মানুষ এনে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। দেশের মানুষ বুঝতে পারে প্রকৃত কর্মসূচি আর ভাড়াটে শোডাউনের পার্থক্য। আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় এখন শেষের পথে।”





