কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতটা স্মরণীয় করে রাখলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গোলরক্ষক মাতভেই সাফানভ। টাইব্রেকারে একে একে চারটি পেনাল্টি সেভ করে ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন ভেঙে দেন রুশ এই গোলকিপার। তাঁর নৈপুণ্যেই প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের আনন্দে ভাসে পিএসজি।

নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতে নেয় লুইস এনরিকের শিষ্যরা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের মাত্র ২৪ ঘণ্টা পর মাঠে নেমে টাইব্রেকারে ব্যর্থ উসমান দেম্বেলের হতাশা ঢেকে দেন সাফানভই।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রেখে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়ায় জালে বল পাঠান খাভিচা কাভারাস্খেলিয়া।

বিরতির পর দৃশ্যপট বদলে যায়। ৫৯তম মিনিটে পিএসজি ডি-বক্সে দে আরাসকায়েতাকে ফাউল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান ফ্ল্যামেঙ্গোর ইতালিয়ান তারকা জর্জিনিয়ো। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

টাইব্রেকারে প্রথম শটে দুই দলই গোল করলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন সাফানভ। সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। যদিও পিএসজির হয়ে দেম্বেলে নিজের শট মিস করায় তখনও ম্যাচ খোলা ছিল। কিন্তু এরপর পেদ্রো, লিও পেরেইরা ও লুইস আরাউহোর শট রুখে দিয়ে একাই ম্যাচ পিএসজির দিকে ঘুরিয়ে দেন এই গোলরক্ষক। নুনো মেন্দেসের সফল শটে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।

চলতি বছরের শুরুতে ফরাসি সুপার কাপ জয়ের পর মাঝামাঝি সময়ে ফরাসি কাপ ও লিগ আঁ শিরোপা জয়ের সঙ্গে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল পূর্ণ করে পিএসজি। বছরের শেষ প্রান্তে এসে উয়েফা সুপার কাপের পর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল তারা। বিশ্বসেরা ক্লাবের মর্যাদা নিয়ে বছর শেষ করল প্যারিস সেন্ট জার্মেই।