জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর মহন্ত পুনটে চাল বিক্রি শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস সামনে থাকা সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ধনেশ্বর মহন্ত কালাই পৌরসভার আওড়াগ্রামের মৃত শ্রী ভবনের ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসটি আটক করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি থানা হেফাজতে নেয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





