রাজধানীর বাংলা কলেজ এলাকায় ভাসমান চা বিক্রেতা বৃদ্ধা ও তার নাতনিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন পরিবারের হাতে উপহার হস্তান্তর করে।
উপহারের মধ্যে ছিল শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও প্রসাধন সামগ্রী। তার নানির জন্য শাড়ি ও প্রয়োজনীয় অন্যান্য উপহার দেওয়া হয়। সংগঠনের নেতা-কর্মীরা পরিবারের হাতে এগুলো তুলে দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
সম্প্রতি বাংলা কলেজের সামনে নানির চা দোকানে সাহায্য করতে গিয়ে ফাতেমা আহত হয়েছিল। এক পুলিশ সার্জেন্ট তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মানবিক ঘটনা ভাইরাল হলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় নেতা মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সংগঠন জানায়, সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ।





