বরিশাল প্রতিনিধি: বিশেষজ্ঞ চিকিৎসক, গেস্ট কনসালটেন্ট, মেডিকেল অফিসার সহ প্রায় শতাধিক চিকিৎসককে নিয়ে ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। ১০ মার্চ মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রেস্তোরায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক ও বরিশাল অঞ্চলের জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং মহানগর পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ সুলতানুর আরেফিন। প্রধান বক্তা ছিলেন গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব ও বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও বৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, হিসাব বিভাগের ইনচার্জ মামুন হাওলাদার, মার্কেটিং অফিসার জাকির হোসেন, মোঃ ইব্রাহীম, আনিছুর রহমান সহ বিভিন্ন বিভাগের ইনচার্জবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সৎ কাজের আদেশ করা এবং খারাপ কাজে বাঁধা দেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব। সমাজকে কলুষমুক্ত করতে হলে আমাদের প্রত্যেককে স্ব স্ব জায়গায় সৎ ও ন্যায়ের ধারক হতে হবে। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে তেমন মানুষ তৈরী করাই রমজানের মূল লক্ষ্য।
প্রধান বক্তা ড. মাওলানা আবু বকর সিদ্দিক তার আলোচনায় রমজানের তাৎপর্য ও মুমিনের করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, মহান আল্লাহ তায়ালা বান্দার আহ্বান একবারমাত্র পাওয়ার জন্যই বান্দার খুব কাছে অবস্থান করেন এবং কোন মাধ্যম ছাড়াই সরাসরি বান্দার আহ্বান শোনেন ও কবুল করেন। বিনিময়ে আল্লাহ চান বান্দাও তাকে স্মরণ করুক তা যত বিলম্বেই হোক। আল্লাহ যখন সাড়া দিবেন তা সঙ্গে সঙ্গেই দিবেন, কিন্তু বান্দার জন্য আল্লাহর নির্দেশে সাড়া দেয়া বান্দার মর্জির উপর ছেড়ে দিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলকে মোবারকবাদ জানান তিনি।





