গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটাল-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সকালে সিঙ্গাপুর রওনা হচ্ছেন। তার সঙ্গে থাকছেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।”
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন।
সেদিন গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে শারীরিক জটিলতা ও কিছু স্থায়ী সমস্যা রয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।





