মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) জেলার দামুড়হুদা দর্শনা ও জীবননগর  শহরের প্রধান সড়ক থেকে সচেতনতামূলক এ বিশাল র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

মাদক আমাদের যুব শক্তিকে ধ্বংস করে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালির মূল বার্তা ছিল-নেশামুক্ত, সুস্থ, সুন্দর সমাজ গড়তে আসুন সকল মাদককে না বলি। অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু-এদেরকে ধরিয়ে দিন।
র‍্যালির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির বাংলাদেশ জামায়েত ইসলামী চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট রুহুল আমিন। 

র‍্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে। এতে শহরের নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুব সমাজ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী  এডভোকেট রুহুল আমিন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে,যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। মাদক হচ্ছে সেই নীরব অস্ত্র, যা পরিকল্পিতভাবে এ প্রজন্মকে ধ্বংস করছে। আমাদের সংগঠিত হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।