চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (৩ আগস্ট)দুপুর ১টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এই মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।


মারা যাওয়া দুই শিশু হলো জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের মো. সজীবের ছেলে রিমন (৭)।


নিহত শিশু রিমন এর পিতা সজীব হোসেন জানায়,স্কুল ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের উপরে উঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুনায়েদ রিমনকে তুলতে গেলে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে পিতামাতাকে ঘটনাটি বলে। খবর পেয়ে পিতা-মাতাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।


জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।