কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি উপজেলা স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে মাতৃস্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছেন। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থার ফলেই নরমাল ডেলিভারির এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন,“এক মাসে ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হওয়া আমাদের জন্য এক বড় অর্জন। এটি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার প্রতিফলন এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থার নিদর্শন। আমরা ভবিষ্যতেও আরও উন্নত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে কাজ করে যাব।”

তিনি আরও জানান, প্রসবোত্তর সময়ে প্রতিটি মা ও নবজাতককে প্রয়োজনীয় ওষুধ, পুষ্টি পরামর্শ এবং প্রসবোত্তর সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালে ডেলিভারির প্রতি উৎসাহিত করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ ও নার্সরা জানান, বর্তমানে অধিকাংশ মা হাসপাতালেই নরমাল ডেলিভারির জন্য আসছেন, যা গ্রামীণ এলাকায় অদক্ষ ধাত্রী দ্বারা বাড়িতে ডেলিভারি করানোর ঝুঁকি অনেকটাই কমিয়ে এনেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে চৌদ্দগ্রাম উপজেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও হ্রাস পাবে এবং “নিরাপদ মাতৃত্ব, সুস্থ সমাজ” বাস্তবায়নে এ স্বাস্থ্য কমপ্লেক্স অগ্রণী ভূমিকা রাখবে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই রেকর্ড সাফল্য স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।