তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে মারা গেছে।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ দিন ধরে ছাত্রদলের মোর্শেদ তরুণ–সেলিম গ্রুপ এবং সুইডেন আসলাম গ্রুপ ছাত্রাবাসে মাদক সেবন, বহিরাগতদের আশ্রয় দেওয়া এবং চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করছিল।

গত শনিবার রাতে হলের তৃতীয় তলায় মাদক সেবনের সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে দুই পক্ষের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে মোর্শেদ তরুণ–সেলিম গ্রুপ শতাধিক বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়, তাদের মধ্যে সবচেয়ে গুরুতর ছিল বিজ্ঞান বিভাগের এইচএসসি শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসার পর তিনি মারা যান।

নিহত শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেছে, মামলা না করার জন্য তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামি দেখিয়ে থানা গেলে পুলিশ নাম ছাড়া মামলা নিতে রাজি হয়নি বলেও জানা গেছে।

এ বিষয়ে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্য একটি সূত্র জানিয়েছে, তিনি এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।