বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, তারেক রহমান ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর জোর দেন।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকা গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এ লক্ষ্যে বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী দল এবং সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বিপ্লবের এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। বিভাজনের সুযোগ নিয়ে দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে বলেও সতর্ক করেন তারেক রহমান।
বৈঠকে ডাকসু প্রতিনিধিরা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে তারেক রহমান তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎকালে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ও শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।





