রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিখোঁজ হয়েছেন এক অভিভাবক মা, আফসানা প্রিয়া। তিনি স্কুলে সন্তানকে আনতে গিয়ে আর বাড়ি ফিরতে পারেননি।
সোমবার (২১ জুলাই) সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আফসান ওহীকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন আফসানা। দুপুরে হঠাৎ করে ঘটে ভয়াবহ দুর্ঘটনা—একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনে। বিস্ফোরণের পরপরই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সেই সময় প্রাণ বাঁচাতে অনেকে ছুটোছুটি করলেও, আফসানা প্রিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ছেলে আফসান ওহী অক্ষত অবস্থায় উদ্ধার হলেও মাকে খুঁজে পায়নি কেউ।
পরিবার জানায়, ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও দুর্ঘটনাস্থলে ঘুরে বেড়ালেও মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত আফসানার সন্ধান মেলেনি।
নিখোঁজ আফসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।
আফসানার এক স্বজন বলেন, “আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি—হাসপাতাল, লাশের তালিকা, আশপাশের এলাকা—কিন্তু কোথাও ওর নাম নেই। যদি কেউ তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে কন্ট্রোল রুমে বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।”
উল্লেখ্য, মাইলস্টোন ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন শতাধিক মানুষ। উদ্ধার ও শনাক্ত কার্যক্রম এখনও চলছে।






