জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ২৩টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।


এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। কিন্তু নতুন তিনটি কেন্দ্রের ফলাফলের কারণে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।


বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআরের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফলাফল ঘোষণা করা হয়।


মোট ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম ২৮১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ১২৮ ভোট।


জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ২৯৮২ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১২৩৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২৩২০ ভোট।


যদিও শীর্ষ তিনটি পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও, পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলিতেও ছাত্রদল সমর্থিত কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।