প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় দেশে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এ সেবা চালু হবে।


বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।


প্রধানমন্ত্রী জানান, সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমও জোরদার করা হয়েছে। আগামী জুন ২০২৬ পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের পাশাপাশি আরও ১ হাজার ৫০০ কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


পরিবেশ উন্নয়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা প্রস্তুত করা হয়েছে, যা আসন্ন বর্ষায় রোপণ করা হবে।


শিক্ষা খাতে দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ১৮০ দিনের মধ্যে হাজারো কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে।


খেলাধুলা ও প্রযুক্তি খাতেও বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ নির্মাণ, আইসিটি খাত জোরদার এবং দেশে পেপাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি, ক্রীড়াবিদদের ভাতা, শিক্ষার্থীদের ঋণ সুবিধা বৃদ্ধি এবং সরকারি চাকরিতে বড় পরিসরে নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।