নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও যুগ্ম-সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত ডোনেশনের মাধ্যমে অনুদান চাইছেন।


\r\n

রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান। পোস্টটি দ্রুতই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।


\r\n

আব্দুল্লাহ আল আমিন লেখেন, “সূচনা হোক জনগণের রাজনীতির। আমি নারায়ণগঞ্জের সন্তান, আপনাদের মাঝে বেড়ে উঠেছি। এই পরিচয় নিয়েই আমি আপনাদের সন্তান-ভাই হিসেবে জাতীয় সংসদে এলাকার কথা বলতে চাই। আসন্ন নির্বাচনে আমি নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে অংশ নিচ্ছি। অতীতে একটি উপজেলা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হতো; নতুন বাংলাদেশে আমি সেই দিনগুলোর অবসান চাই।”


\r\n

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু এমপি হওয়া নয়, বরং সকল রাজনৈতিক অপসংস্কৃতি বদলানো। প্রচলিত গডফাদার, মাফিয়াকেন্দ্রিক রাজনীতি কেটে ফেলে রাজনীতি হবে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য। চাঁদাবাজি, মাফিয়াগিরি, সিন্ডিকেট, মাদক—সবকিছুর বিরুদ্ধে আমি অবস্থান নেব। ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণকেন্দ্রিক রাজনীতি গড়ে তুলব, ইনশাল্লাহ। আর এর জন্য সাহায্য চাই আপনারা, নারায়ণগঞ্জবাসী।”


\r\n

ডোনেশন নিয়ে তিনি বলেন, “ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। আরপিও অনুযায়ী ভোটার প্রতি সর্বোচ্চ খরচ ৫৪ লাখ ৮ হাজার ১৩০ টাকা। এই লক্ষ্য পূরণের জন্য আমার আস্থা কেবল আপনাদের ওপর। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ আপনাদের সামনে উন্মুক্ত থাকবে। আমি এ পর্যন্ত কোনো দুর্নীতি করিনি এবং নির্বাচনে কোনো মিথ্যা বা সিন্ডিকেটের টাকা নেব না।”


\r\n

আব্দুল্লাহ আল আমিন আরও জানান, নির্ধারিত লক্ষ্য পূরণ হয়ে গেলে উন্মুক্ত ডোনেশন বন্ধ করে দেওয়া হবে। “জনগণের অর্থে নির্বাচন করার মধ্য দিয়ে আমি জবাবদিহিতার পথ তৈরি করছি এবং পুরোনো বন্দোবস্ত দূরে ঠেলে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই।”