বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ পরিচালনা হবে জনগণের রায়ের ভিত্তিতে। জনগণ এমন একটি রাজনৈতিক দলকে চেনে, যারা গুপ্ত পরিচয়ে কাজ করছে। তারা বাংলাদেশে নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।”


বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?”


তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, “১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ যদি পাশে না থাকে, তার প্রভাব ৫ আগস্ট আমরা দেখেছি।”


এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেন। ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালে পৌঁছে বেলস পার্ক ময়দানে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান।