তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুঃখপ্রকাশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হন। এতে রাজধানী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
বিএনপি জানায়, বিপুল জনসমাগমের কারণে ঢাকা মহানগরীর স্বাভাবিক জনজীবনে যে দুর্ভোগ ও অসুবিধার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে দলটি গভীরভাবে মর্মাহত। এ জন্য অনাকাঙ্ক্ষিত কষ্টের দায় নিয়ে বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার সকাল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।
সকালে মঞ্চের সামনের এলাকায় ভাঙা গাছ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সড়ক ও আশপাশের এলাকায় খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ ও ব্যানারসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে ছিল। পরে দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণের দায়িত্ব নেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।





