জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।


বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় হলের রিটার্নিং কর্মকর্তা ও প্রাধ্যক্ষ আনজুমান আরা উর্মি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা. জান্নাতুল উম্মি ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার পেয়েছেন ২৩৬ ভোট।


সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা পেয়েছেন ২৩৬ ভোট।


সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান পেয়েছেন ৪০৪ ভোট।


নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪৭ জন। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনেও শিবির–সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী কেন্দ্রীয় সংসদের শীর্ষ তিন পদেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে এ পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।


সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে শিবির প্রার্থী ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন।


সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এই পদে মাসুদ রানা ১ হাজার ১৩৪ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।