আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।


রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে এক বার্তায় সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের জামিন বা খালাস না দেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করে। সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব দাবি তুলে ধরেন।


তিন দফা দাবিগুলো হলো—
১) জুলাই-আগস্টের মামলাগুলোতে কোনো অপরাধী যেন জামিন, অব্যাহতি বা খালাস না পায় তা নিশ্চিত করা;
২) জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা;
৩) সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন এবং স্পেশাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা।