দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দেবেন।
\r\nসংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
\r\nজানা গেছে, সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনার ঝড় উঠেছে, বিশেষ করে নির্বাচন ও প্রশাসনিক সংস্কার ঘিরে—এ নিয়ে দলের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে জামায়াত।
\r\nএর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের সবার দাবি ছিল অর্থবহ একটি সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। দুটি বিষয়—সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ—পরিষ্কার করা জরুরি।” তিনি আরও বলেন, “যদি সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে।”
\r\nরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত তাদের পরবর্তী রাজনৈতিক কৌশল এবং চলমান পরিস্থিতিতে অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দলটির অবস্থান আরও সুস্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।





