জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এই প্যানেলগুলো হলো: সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশ। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, “আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি করছি।”

তিনি আরও বলেন, “নতুনভাবে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনের তফসিল পুনঃঘোষণা করতে হবে।”