জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে—যাদের মধ্যে থাকবেন পোশাকধারী ও সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরা।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আমরা আশা করছি নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।”

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। তাদের জন্য ক্যাম্পাসে প্রস্তুত করা হয়েছে ২২৪টি বুথ। প্রতিটি আবাসিক হলে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া শিক্ষক ও কর্মকর্তারা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং আনসার ও নিরাপত্তাকর্মীরা থাকবেন হলের শৃঙ্খলা রক্ষায়। ভোটগ্রহণ হবে ওএমআর ব্যালটের মাধ্যমে, যেখানে ভোটাররা নির্ধারিত স্থানে টিকচিহ্ন দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।