শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল চলাকালে এক চিনির ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা “লকডাউন কর্মসূচি” অনুসরণ করে ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল বের হয়। মিছিলে শতাধিক কর্মী হাতে লাঠিসোঁটা, লোহার রড ও ককটেল নিয়ে রাস্তায় অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মিছিল চলাকালীন ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসা একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ট্রাকের সামনের অংশ মুহূর্তে পুড়ে যায়। এতে সড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, “দুষ্কৃতকারীরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলও আমাদের নজরে আছে। সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে আছে।”

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, এই ধরনের সহিংসতা সাধারণ মানুষের জীবনে অনিরাপত্তার সৃষ্টি করছে। এদিকে, মিছলের ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ককটেল নিয়ে রাস্তায় মিছিল করছেন।