ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা—সবারই ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”


তারেক রহমান আরও বলেন, জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান।


তিনি বলেন, দেশ গড়ার ক্ষেত্রে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে গঠনমূলক পদক্ষেপ নেবে।


ঘোষিত ফলাফলের ভিত্তিতে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুই আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা আরও তিনটি আসনে জয়লাভ করেছে।


বক্তব্য শেষে তারেক রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।